শিক্ষার্থীদের জ্ঞানের জন্য দেশ ভ্রমণ করতে হবে: আব্দুল্লাহ আবু সায়ীদ
দেশের গণ্ডি থেকে বেরিয়ে শিক্ষার্থীদের বিদেশেও ভ্রমণে যেতে হবে। দেশভ্রমণ ছাড়া জ্ঞানের পূর্ণাঙ্গ বিকাশ হতে পারে না। বিশ্বসাহিত্য কেন্দ্রের সদস্যদের বই পড়ার পাশাপাশি ভ্রমণেও যেতে হবে। গতকাল বিশ্বসাহিত্য কেন্দ্রের পরিচালক আব্দুল্লাহ আবু সায়ীদ শিক্ষা সফর উদ্বোধন অনুষ্ঠানে এসব কথা বলেন।
বিশ্বসাহিত্য কেন্দ্রের নিজস্ব কার্যালয়ে বই পড়া কর্মসূচির সদস্যদের শিক্ষা সফর উদ্বোধন উপলক্ষে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন প্রকৌশলী আবদুল আউয়াল, মনির হোসেন, শামীম আরা লিপি প্রমুখ।
বিশ্বসাহিত্য কেন্দ্রের ছয় সদস্য ভ্রমণ কর্মসূচির অংশ হিসেবে চলতি বছরের ২৮ মে থেকে ১০ জুন ভারত, নেপাল ও ভুটানের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থান সফর করবেন। এই ছয় সদস্য হলেন, নাজমা আক্তার, নুসরাত জাহান বর্ণনা, নুসরাত জাহান মিলা, রাজু গাজী, শাহেদ আলম ও অমিত চক্রবর্তী। আগামী বছর থেকে এই ভ্রমণে খুলনা ও চট্টগ্রামের শিক্ষার্থীদের মধ্যে থেকে একজন করে মোট দুইজন সদস্য অংশ নেবেন।
This is excellently correct.